পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) ভোরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার লাহিড়ীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ধামেরঘাট বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকা থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুটি আটক করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।