
Daily World Desk: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে একটি আদালত ভবনে সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদলের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মা ও তার সন্তানও রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার আদালত ভবনের ভেতরে হামলাকারীরা একটি হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারলে হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হন।
জইশ আল-আদল টেলিগ্রামে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে এবং সাধারণ মানুষকে সংঘর্ষের এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। বালুচ মানবাধিকার সংগঠন হালভাশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীরা বিচারকদের কক্ষে ঢুকে পড়েছিল, যার ফলে আদালতের কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতাহত হন।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তঘেঁষা সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস। তারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বঞ্চনা ও রাজনৈতিক উপেক্ষার অভিযোগ করে আসছেন। এই প্রদেশে প্রায়শই সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এসব গোষ্ঠী নিজেদের অধিকার আদায় ও স্বায়ত্তশাসনের জন্য লড়াই করার দাবি করে। তবে ইরান সরকার অভিযোগ করে থাকে যে, কিছু গোষ্ঠী বিদেশি শক্তির সঙ্গে জড়িত এবং তারা সীমান্ত পেরিয়ে চোরাচালান ও বিদ্রোহে অংশ নিচ্ছে।
Source : Daily World