
Daily World Desk: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘের সরবরাহ করা ত্রাণ হামাস লুট করেছে— এমন কোনও প্রমাণ ইসরায়েলি সেনাবাহিনীর কাছে নেই বলে স্বীকার করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা।
গত শুক্রবার মার্কিন এক প্রতিবেদনে জানা যায় , যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও হামাসের ত্রাণ চুরি করার কোনও প্রমাণ খুঁজে পায়নি। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন অভিযোগকে ব্যবহার করে বেসরকারি সংস্থা ‘গাজা রিলিফ ফাউন্ডেশন’কে সমর্থন জানিয়েছিল, যেটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত নয়।
গত ২৭ মে থেকে ইসরায়েল ‘গাজা রিলিফ ফাউন্ডেশন’-এর মাধ্যমে নিজস্বভাবে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে, যা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে পাশ কাটিয়ে পরিচালিত হচ্ছে। তবে এই উদ্যোগ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে।
এদিকে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে জড়ো হওয়া মানুষের ওপর গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, যার ফলে শত শত সাধারণ মানুষ নিহত হয়েছেন। গাজায় দুর্ভিক্ষ এখন ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচণ্ড অপুষ্টিতে কঙ্কালসার মানুষজন ক্লান্তি, পানিশূন্যতা ও দীর্ঘদিনের অনাহারে রাস্তায় লুটিয়ে পড়ছেন।
Source : Daily World