
Weather Desk:সুপার টাইফুন ফাং-ওয়ং (স্থানীয়ভাবে যা ‘উওয়ান’ নামে পরিচিত) বর্তমানে ১৮৫ কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে। এটি রোববার (৯ নভেম্বর) আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড় সুপার টাইফুনে রূপ নেওয়ার কারণে এর প্রভাবে প্রবল বর্ষণ, বিধ্বংসী বাতাস এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস করা হয়েছে।
এরই মধ্যে, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে ফিলিপাইনের সরকার পূর্ব ও উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সতর্কতা হিসেবে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বর্তমানে ঝড়ে বাতাসের গতি ১৮৫ কিলোমিটার, যা বেড়ে ২৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এটি রোববার রাতের মধ্যেই লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে।
দেশের আবহাওয়া বিভাগ সর্বোচ্চ ৫ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে দক্ষিণ-পূর্ব লুজনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাটানডুয়ানেস, কামারিনেস নরতে এবং কামারিনেস সুর প্রদেশে। রাজধানী মেট্রো ম্যানিলা ও আশপাশের এলাকাগুলোকে সিগন্যাল নম্বর ৩-এর আওতায় আনা হয়েছে।
টাইফুনের প্রভাবে দেশের পূর্বাঞ্চলীয় ইস্টার্ন ভিসায়াস অঞ্চলের কিছু স্থানে এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় বলা হয়েছে, ফাং-ওয়ং পরবর্তী ২৪ ঘণ্টা ‘অত্যন্ত বিপজ্জনক’ ঘূর্ণিঝড় অবস্থায় থাকবে। এটি দেশের মধ্যাঞ্চল অতিক্রমের পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
Source :Daily World