
Daily World Desk: নিজেদের তিনটি গুরুত্বপূর্ণ খাতে ধীরে ধীরে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করে আনছে সৌদি আরব। এসব খাতে সৌদির নাগরিকদের প্রাধান্য দিচ্ছে তারা। একটা সময় এসব খাত পরিচালনা করবেন সৌদির নাগরিকরাই। সেগুলো হলো— ফার্মেসি, দন্তচিকিৎসা এবং প্রকৌশল খাত
বার্তাসংস্থা সৌদি গেজেট জানিয়েছে, মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পেশাদার খাতে সৌদির নাগরিদদের সুযোগ দেওয়ার নতুন লক্ষ্য প্রয়োগের ঘোষণা দিয়েছে। যা রোববার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।
প্রবাসীদের সরিয়ে সৌদির নাগরিকদের সুযোগ দেওয়ার বিষয়টিকে ‘সৌদিকরণ’ হিসেবে অভিহিত করছে সৌদি আরব।
সৌদিকরণে নতুন খাত হিসেবে ফার্মেসি, দন্তচিকিৎসা এবং প্রযুক্তিগত প্রকৌশলকে লক্ষ্য করা হয়েছে।
এর অংশ হিসেবে এখন থেকে কমিউনিটি ফার্মেসি এবং মেডিকেল কমপ্লেক্সের ফার্মেসিগুলোর জনবলের ৩৫ শতাংশ সৌদির নাগরিক হতে হবে। হাসপাতালগুলোর ফার্মেসিতে এ সংখ্যা ৬৫ শতাংশ থাকতে হবে। অন্যান্য ফার্মেসি সংক্রান্ত কার্যক্রমে এ সংখ্যাটি ৫৫ শতাংশ থাকতে হবে।
Source : Daily World