
তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নীলফামারী জেলায় শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ উদ্যোগ পরিচালিত হচ্ছে।
আগামী ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। https://notunkurisports.gov.bd নিবন্ধন সম্পন্ন করে ২৫–২৭ এপ্রিল উপজেলা পর্যায়ের বাছাইপর্বে অংশ নিতে হবে। সেখান থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে থেকে শুরু হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে জেলার সদর, ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। প্রতিযোগিতা চার ধাপে—উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে, চূড়ান্ত পর্ব ঢাকায় আয়োজন করা হবে। ফুটবল, টি-১০ ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ আটটি ইভেন্টে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে একজন সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণের জন্য জন্ম তারিখ ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ এর মধ্যে হতে হবে। নিবন্ধনের সময় অনলাইন জন্মনিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ও অভিভাবকের সম্মতিপত্র জমা দিতে হবে।
বিজয়ীদের জন্য সনদপত্র, মেডেল ও ট্রফির পাশাপাশি বিকেএসপিতে ভর্তির অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে, যা ভবিষ্যৎ পেশাদার ক্রীড়াজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।