
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ব্র্যাক নর্থ-১ ডিভিশনের নীলফামারী অঞ্চলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় পরিচালিত বুনন ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি ব্যাচে ২০ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। ইতোমধ্যে ৫টি ব্যাচ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং বর্তমানে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত অনেক নারী ও যুবক উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠিত হয়ে স্বাবলম্বী জীবন গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
কৃষি সহায়তা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৯০ জন দরিদ্র ও প্রান্তিক সদস্যের মাঝে মোট ১,৮০০টি উন্নত জাতের ফাওমি মুরগির বাচ্চা এবং ১,৮০০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি মুরগি ও হাঁসের সঠিক লালন-পালন, খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এছাড়া মৎস্য উন্নয়ন কার্যক্রমের আওতায় ৪২ জন সদস্যের মাঝে মোট ১,০৫,০০০টি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। পোনা বিতরণের পাশাপাশি আধুনিক মৎস্য চাষ, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য প্রয়োগ এবং রোগ প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২০০ জন সদস্যের ২০০টি গবাদি পশুকে টিকা প্রদান করা হয়েছে। এ কার্যক্রম পশুর রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি হ্রাসে সহায়ক হচ্ছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এসব কার্যক্রম নীলফামারী অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, টেকসই জীবিকা উন্নয়ন এবং সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।