
বিনোদন প্রতিবেদক! ঢাকা :বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে চিত্রনায়ক উজ্জ্বল ও লিপু প্যানেলের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন দেশের বরেণ্য চিত্রনায়ক ও জাতীয় বীর মাসুদ পারভেজ (সোহেল রানা)।
জানা গেছে, আগামীকাল থেকে তিনি পুরোদমে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। প্রযোজক ও পরিবেশকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় এবং ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরবেন তিনি।
চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা এবং শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সোহেল রানা মনে করেন, বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতিকে আরও কার্যকর, আধুনিক ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই লক্ষ্য নিয়েই তিনি উজ্জ্বল-লিপু প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সোহেল রানা বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করতে প্রযোজক ও পরিবেশকদের স্বার্থ রক্ষা, শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমি কাজ করতে চাই। সদস্যদের ভালোবাসা ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি।”
উজ্জ্বল-লিপু প্যানেলের নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সোহেল রানার দীর্ঘ অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং চলচ্চিত্রের প্রতি নিবেদন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। তাঁর অংশগ্রহণে নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া মিলবে বলেও তারা আশা করছেন।
আগামীকাল থেকে শুরু হওয়া এই প্রচারণায় সোহেল রানা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাঁদের সমর্থন ও দোয়া কামনা করবেন। একই সঙ্গে তিনি একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রযোজক ও পরিবেশক সমিতি গঠনের প্রত্যয় ব্যক্ত করবেন।