
ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক গণশুনানির আয়োজন করা হয়েছে। আগামী ২১ মে ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। টিআইবি-সনাকের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ গণশুনানিতে সাধারণ নাগরিকরা সরাসরি ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অনিয়ম, ভোগান্তি ও অভিযোগ তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিকার, ব্যাখ্যা ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও পাওয়া যাবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। আয়োজকরা জানান, ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষ যেসব সমস্যার সম্মুখীন হন, সেগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথ বের করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে ভূমিসেবাকে আরও জনবান্ধব, গতিশীল ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্য নিয়েই এ গণশুনানির আয়োজন করা হয়েছে। এ গণশুনানিতে ভূমিসেবা গ্রহণে ভুক্তভোগী ব্যক্তি, সেবাপ্রত্যাশী নাগরিক, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।