
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬-এর আওতায় ১৩ মে ২০২৬ নীলফামারী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার চারটি প্রতিষ্ঠানের মোট ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু অংশ নেয়। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের প্রতিভা, উদ্যম ও ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয়। প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারী শিশু, অভিভাবক ও দর্শকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
দিনের শেষে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস জাগ্রত করা, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।