
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬-এর আওতায় জেলা ক্রীড়া অফিস, পঞ্চগড়ের আয়োজনে ২৫শে মে ২০২৬ দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশগ্রহণকারী দলগুলো চমৎকার নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেয়। প্রতিযোগিতার শেষে বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাহাড়তলী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাছিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আবুল হাসেম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় ক্রীড়া সংগঠক, শিক্ষক, খেলোয়াড়, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।