
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬-এর আওতায় জেলা ক্রীড়া অফিস, পঞ্চগড়ের উদ্যোগে দিনব্যাপী গ্রামীণ খেলা ও অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১০ই জুন ২০২৬ শনিবার জেলা স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন গ্রামীণ খেলা ও অ্যাথলেটিকস ইভেন্টে অংশ নিয়ে প্রতিযোগীরা নিজেদের ক্রীড়া দক্ষতা প্রদর্শন করেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেম। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে জনপ্রিয় করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।