
কালের অকালের যাঁতাকলে পিষ্ট মানব সভ্যতা!
ধুঁকছে ধরণীর শ্রেষ্ঠ জাতি,হচ্ছে ন্যায় নীতি বোধ হারা।
বেআইনি আইনের সূক্ষ্ম মারপ্যাঁচে বিবস্ত্র মানবিকতা।
আমি তো আছি বেশ,পাছার পাঁচড়া চুলকিয়ে বলা।
চারিদিকে কলরব,গগনবিদারী চিৎকার আর হতাশা।
বিবেক আজ বস্তায় বন্দী,খোঁজে মুক্তির দিশা।
নোংরা রাজনীতি আর ম্রিয়মাণ আইনের শিথিলতায় মরছে শত রামিসা।
ক্ষমতার করিডোরে হারায়,গুমড়ে কেঁদে মরে কত নিরীহের নালিশ আর প্রার্থনা!
শুনে রাখো ঘুনে ধরা সমাজ!বলাৎকার শুধু নয় আসিয়া,
উলঙ্গ,ধর্ষিত,নগ্ন আজ সমাজ সংসারের প্রতিটি রন্ধ্র,শিরা-উপশিরা।
পঁচে গেছে মূল্যবোধ,ক্ষয়িষ্ণু আজ যত সব নৈতিকতা।
ঘুরে বেড়ায় কত হিংস্র জানোয়ার মানুষের মুখোশ পরা।
টকশো আর প্রেস ব্রিফিং সে তো এখন শুধুই আনুষ্ঠানিকতা,
খবরের কাগজ,টিভিতে দেখায়! বোধ করি এটাই সফলতা।
দিন কিছু হলে পার সবই হবে পুরোনো খবরের পাতা,
ব্যস্ত হবে আবারও পৃথিবী, শুরু হবে স্বীয় স্বার্থের হিসাব রাখা।
শুদ্ধ হোক আত্মা,জেগে উঠুক মানবতা।
বিচারের বাণী ফিরুক জনে জনে,উড়ুক ন্যায়ের ঝান্ডা।
নির্ভার হোক শত,সহস্র রামিসার মা-বাবা,
ধর্ষকের ফাঁসির আগে বাঁচুক প্রতিটি ফুল, বাঁচুক রামিসা।