
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬-এর আওতায় জেলা ক্রীড়া অফিস, পঞ্চগড়ের আয়োজনে মাসব্যাপী গ্রামীণ খেলা ও অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী, ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ এবং সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ই এপ্রিল ২০২৬ শনিবার পঞ্চগড় জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেম।মাসব্যাপী এ প্রশিক্ষণে জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, শিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেন, গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।