
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২০ জুলাই) পরিদর্শন ও নিরীক্ষা অধি দপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে এসব প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা করা হয়েছে। প্রতিবেদনগুলো পরিদর্শন ও নিরীক্ষা অধি দপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন সমূহের অনুলিপি ইতিমধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা , কারিগরি শিক্ষা অধিদফতর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় (প্রযোজ্য ক্ষেত্রে), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, জেলা শিক্ষা অফিস, প্রতিষ্ঠান প্রধান এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতির ইমেইলে পাঠানো হয়েছে।
কোনো প্রতিষ্ঠানের ইমেইলে প্রতিবেদন না পৌঁছালে জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে প্রতিবেদন সংগ্রহ করা যাবে বলেও তিনি জানান।
জেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ সম্ভব না হলে, প্রতিষ্ঠানটির লেটারহেডে আবেদন করে তা director@dia.gov.bd ইমেইলে পাঠাতে হবে। ইমেইল পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ইমেইলে পাঠানো হবে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর জানিয়েছে, প্রতিবেদন সংগ্রহের জন্য সরাসরি দপ্তরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।