
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে অ-১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল ২০২৫ শনিবার পঞ্চগড় জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪–২৫ এর আওতায় এ প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১১০ জন বালক ৪টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় পদ্মা দল ১–০ গোলে যমুনা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আবুল হাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এই প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি ও সুস্থ বিনোদনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।