
পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় শাড়ি ও শাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) আনুমানিক রাত ৩টার দিকে ৫৬ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার কালিয়াগঞ্জ লাহিড়িপাড়া এলাকা (থানা–পঞ্চগড় সদর) সংলগ্ন সীমান্তে অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রাথমিক তথ্যানুযায়ী, মেইন পিলার ৭৭১-এর ওয়ান এস, যা বাংলাদেশের ভেতরে ১২০ গজ অভ্যন্তরে, সেই স্থানে ভারতের দিক থেকে বাংলাদেশে শাড়ি–শাল চোরাচালানের চেষ্টা চলছিল। টহল দল উপস্থিত হলে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ১১ রোল ভারতীয় শাড়ি–১৯ পিস এবং ১০ পিস ভারতীয় শাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।
জব্দ করা এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ৬৮,০০০ টাকা বলে জানিয়েছে ৫৬ বিজিবি।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজতবা জানান, সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত আছে। তিনি বলেন, “সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। কোনো মূল্যে চোরাচালান হতে দেওয়া হবে না।”
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকব্যবসা ও বিভিন্ন অপরাধী তৎপরতার বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।