
জীবন সৈকতে দাঁড়িয়ে একাকী
হঠাৎ বিষন্ন মন
মধুর স্মৃতিরা চোখের তারায়
উতলা করেছে ক্ষণ।
সঙ্গী ছিল যত বেদনা দেবার
জানিনা কোথায় তারা
সুখের শ্রাবণে ভাসাতো যাহারা
তারা আজি পথ হারা।
সারাটা সকাল দুপুর বিকালে
সামনে পিছনে ছিল
নিয়তির টানে কালের অতলে
সবাই বিদায় নিল।
জীবনের প্রান্তে কোথায় সকলে
নিশানা পাইনা খুঁজে
শত প্রলোভনে নিরব এ মন
বুঝালে কিছু না বুঝে।
অন্তরের মাঝে শুধু হাহাকার
সান্তনার নেই বাণী
আমিও হারাবো কোন একদিন
একথা নিয়েছি মানি।