
নীলফামারী প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মিনহাজুল ইসলাম মিনাজ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে নীলফামারী জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মিনহাজুল ইসলাম মিনাজ নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে কাজ করে আসছেন। স্থানীয় পর্যায়ে ক্রীড়া উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি নীলফামারী-২ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-২ আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।